প্রতিশ্রুতি দিয়েও পদত্যাগপত্র পাঠাননি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেই না। জটিলতা থেকেই যাচ্ছে। স্পিকারকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছিলেন, পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। কিন্তু ওই্ কথা বলার একদিন পরও স্পিকারের হাতে পদত্যাগপত্র পৌঁছায়নি।
পেসিডেন্ট গোটাবায়া বুধবার মালদ্বীপে পালিয়ে গেছেন। তবে স্পিকার বলেছেন, বুধবার বিকেলে প্রেসিডেন্ট তাকে ফোন করেছিলেন। ফোন করে বলেছেন, এই দিনই তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। কিন্তু তা এখনো বাস্তবে ঘটেনি। অবশ্য আজ বৃহস্পতিবার রাজধানী কলম্বো ঠাণ্ডা আছে।
এদিকে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে গতকাল অন্তত ৪৫ জন বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধরা প্রেসিডেন্ট মনোনিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট (যিনি প্রধানমন্ত্রী ছিলেন) রনিল বিক্রমাসিংহের অফিসে ঢুকে পড়েছিলেন। বিক্রমাসিংহে পদত্যাগ না করলে তারা জায়গা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছিলেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় ২৬ বছরের একজন বিক্ষোভকারী মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বিক্ষোভকারী। তার শ্বাস কষ্ট হচ্ছিল। এই সমস্যাতেই শেষমেষ মারা যান তিনি।
বিক্রমাসিংহে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করেছিলেন। ওদিকে প্রেসিডেন্ট গোটাবায়া তার স্ত্রীকে নিয়ে এখন মালদ্বীপের রাজধানী মালেতে। তিনি একটি প্রাইভেট জেটেরে অপেক্ষায়। যেটিতে করে সিঙ্গাপুরে উড়ে যাওয়ার পরিকল্পনা।
ওদিকে, শ্রীলঙ্কার সংসদ আগামী সপ্তাহে দেশের জন্য পূর্ণ সময়ের প্রেসিডেন্ট ঘোষণা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্ষমতাসীন পার্টির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দলের প্রথম পছন্দ বিক্রমাসিংহে। অবশ্য এখনো এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।