শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মঙ্গল অভিযানে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 12:48 দুপুর • 839 বার পঠিত
প্রথমবারের মতো মঙ্গল অভিযানে সংযুক্ত আরব আমিরাত

প্রথমবারের মতো মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার স্থানীয় সময় ৬টা ৫৮ মিনিটে আমিরাতি এক নারীর নেতৃত্বে জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে ‘হোপ মিশন’ বা ‘অমল’ নামে অভিযানটি শুরু হয়। আমিরাত সরকার জানিয়েছে, মঙ্গল গ্রহের দিকে এরই মধ্যে অমল তার যাত্রা শুরু করেছে।

বিজ্ঞানীদের মতে, এক সময় মঙ্গল গ্রহে পানি ছিল বলে ধারণা করা হতো। কিন্তু পরবর্তীকালে তা কীভাবে বর্তমানের ধূলি-ধূসর নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো, এবার তা অনুসন্ধানের জন্যই মিশনটি পরিচালিত হচ্ছে।

ঐতিহাসিক এ অভিযানটির রূপকার দেশটির অ্যাডভান্সড সায়েন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি। মূলত তিনিই মিশনে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের প্রধান হিসেবে কাজ করছেন।

দেশটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিশনটি হাতে নেয়া হয়েছে। স্যাটেলাইটটির অধিকাংশ কাজই করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর ‘ল্যাবরেটরি ফর অ্যাটমোসফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্স’-এ। সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে এবার যে স্যাটেলাইটটি পাঠাচ্ছে তার ওজন ১ দশমিক ৩ টন।