প্রেসিডেন্টপদে বিজয়ী হতে করোনার ভ্যাকসিনকে হাতিয়ার হিসেবে ব্যবহার
২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সারা বিশ্বের ওপরই প্রভাব ফেলতে যাচ্ছে। আসন্ন এই নির্বাচনে বিজয় লাভের জন্য ভোটের মাঠে করোনার ভ্যাকসিনকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান ট্রাম্প। সে লক্ষ্যেই নির্বাচনের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন চাচ্ছেন ট্রাম্প।
এরইমধ্যে তিনি গবেষণার পর্যায়ে থাকা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় মর্ডানাকে আরো ৪৭ কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা দিয়েছেন। এর মধ্য দিয়ে মডার্নাকে বিএআরডিএ-এর দেয়া মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ৯৫ কোটি ৫০ লাখ ডলার।
এখন পর্যন্ত করোনাভাইরাসের অনুমোদিত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এ ধরনের ৭৬টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ড ও মডার্নার তৈরি ভ্যাকসিন। সিনথেটিক ম্যাসেঞ্জার আরএনএ ব্যবহার করে তৈরি করা হয়েছে মডার্নার ভ্যাকসিনটি। মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে দিয়ে অ্যান্টিবডি তৈরি করাই এর লক্ষ্য। এই টিকা তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওষুধ কোম্পানিটি।
জানা গেছে, মর্ডানার সঙ্গে একযোগে কাজ করছেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। ভোটের আগেই কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়া নিয়ে আশাবাদী ট্রাম্প গত সপ্তাহেও বলেছেন, আমরা কার্যকরী ভ্যাকসিনের খুব কাছাকাছি চলে এসেছি। আশা করছি, শিগগিরই সবাইকে সুখবর দিতে পারবো।