পড়ালেখা থেকে ঝরে পড়তে পারে প্রায় ১ কোটি শিশু
করোনাভাইরাস ‘শিক্ষার জন্য সংকট’ তৈরি করবে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক একটি মানবাধিকার সংগঠন। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারি শেষ হলেও প্রায় ১ কোটি শিশুর স্কুলে ফেরা নিয়ে ঝুঁকি তৈরি হবে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাই বেশি ঝুঁকিতে রয়েছে।
এতে আরও বলা হয়েছে, এপ্রিল মাসেই ১৬০ কোটি শিক্ষার্থীর স্কুল গমন বন্ধ হয়েছে। মানব ইতিহাসে প্রথমবারের মতো পুরো একটি প্রজন্মের শিক্ষা বাধাগ্রস্তের পথে। করোনা শুরুর আগে থেকেই বিশ্বের ২৫ কোটি ৮ লাখ শিশু স্কুলে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রান্তিক শিশুদের মধ্যে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বন্ধ হওয়ার পর ৯০ শতাংশ শিশুর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করেনি। ৯১ শতাংশের বাসায় পড়াশোনা করার মতো কোনও সহযোগিতা নাই। এর ফলে এই শিশুদের ৬৫ শতাংশ বাড়িতে সামান্য পড়াশোনা করছে এবং ২৩ শতাংশ পড়াশোনাই করছে না।
এতে আরও বলা হয়েছে, দরিদ্রদের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, মহামারিতে তাদের আয় ৭০ শতাংশের বেশি কমেছে। প্রায় দুই-তৃতীয়াংশ তাদের কাজ হারিয়েছেন। এতে করে এসব পরিবারের নিত্য দিনের খরচ বেড়ে যাওয়াতে শিশুদের জোর করে শ্রমে পাঠানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।