পেশোয়ার পুলিশ লাইন মসজিদে বিস্ফোরণ: নিহত ৫৯, আহত ১৫৭
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
31 জানুয়ারী 2023, 08:32 সকাল
•
314 বার পঠিত
সোমবার পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন মসজিদের অভ্যন্তরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, এতে কমপক্ষে ৫৯জন নিহত এবং ১৫৭জন আহত হয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের প্রচেষ্টা রাত পর্যন্ত অব্যাহত ছিল।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ সংবাদ মাধ্যম ডনকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে বহু লোক চাপা থাকায় মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলছে।
"পুরো শহর জুড়ে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে," সিনিয়র কর্মকর্তা জানান।