পারমাণবিক বোমা তৈরিতে আরও এক ধাপ এগিয়ে ইরান
পারমাণবিক বোমা তৈরির পথে আরও এক পদক্ষেপ এগিয়ে গেলো ইরান। শনিবার তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ কাজ শুরু করার কথা তেহরানের।
নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ১৬৪ আইআর-৬ সেন্ট্রিফিউজ-এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনি পারমাণবিক অস্ত্রও বানানো যায়।
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর -৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিজউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে।
গত মঙ্গলবার অন্যান্য আন্তর্জাতিক পক্ষের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে ফের চুক্তিতে অংশীদার করা নিয়ে আলোচনা হয়। এমন সময়ে সরাসরি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হওয়ায় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে।
ইরান পারমাণবিক অস্ত্রের দৌড়ে শামিল হলে মধ্যপ্রাচ্যে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।