পাঞ্জশির নিয়ন্ত্রণের দাবি তালেবানের
তালেবান দাবি করেছে আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। শুক্রবার তালেবানের তিনটি সূত্র এই দাবি করেছে।
সর্বশেষ এই এলাকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফের যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।
রাজধানী কাবুলে এই জয় উদযাপন করা হয়েছে গুলি ছুড়ে।
তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। বিরোধী এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। উপত্যকাটি এখন আমাদের নিয়ন্ত্রণে।’
তালেবানের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে রয়টার্সের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাত থেকেই পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের সঙ্গে এনআরএফ-এর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল। তালেবানবিরোধী আঞ্চলিক মিলিশিয়া ও সাবেক সেনাদের অনেকেই এখানে জড়ো হয়েছেন। এদের নেতৃত্বে রয়েছে প্রয়াত মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ।
মাসুদ হলেন পাঞ্জশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। সোভিয়েত ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ‘পাঞ্জশিরের সিংহ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ।
তালেবান এবার ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা হয়েছিল। তবে সেখানে সমাধান আসেনি জানিয়ে বুধবার মাসুদ এক বিবৃতিতে বলেন, তালেবান নতুন প্রশাসনে তাদের ‘এক বা দুটি’ পদ দিতে চেয়েছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তালেবান যুদ্ধের পথ বেছে নিয়েছে।