পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক মাতিউল্লাহ নিখোঁজ
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক মাতিউল্লাহ দেশটির ক্ষমতাধর সেনাবাহিনীর সমালোচক হিসেবে পরিচিত। এই সাংবাদিক ২১ জুলাই সকালে ইসলামাবাদ থেকে নিখোঁজ হয়ে যান। পুলিশ বলছে, সকালে সরকারি স্কুলশিক্ষক স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার পর থেকে এই সাংবাদিকের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। আনুষ্ঠানিক কোনও অভিযোগ দায়ের না হলেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী স্বীকার করেন যে, এই সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন।
পাকিস্তানি সাংবাদিক মাতিউল্লাহর স্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় সকাল দশটার দিকে তাকে স্কুলে পৌঁছে দেন তার স্বামী। তিন ঘণ্টা পর তাকে আবারও স্কুল থেকে তুলে নেওয়ার কথা ছিল তার। স্কুলে পৌঁছানোর ঘণ্টাখানেক পর গেটের বাইরে ধস্তাধস্তির শব্দ শুনতে পাওয়ার কথা জানান তিনি। তবে সে সময় তিনি স্বামীর কণ্ঠ শোনেননি।
সাংবাদিক মাতিউল্লাহর স্ত্রী বলেন, ‘বাইরে কিছু একটা হচ্ছে তা টের পাচ্ছিলাম। তবে আমার স্বামীর কণ্ঠ শুনিনি। চার-পাঁচ সেকেন্ড একটু শব্দ হলো। পরে দুপুর একটা পনেরো মিনিটের দিকে তাকে ফোন করে কোনও সাড়া পাইনি।’ স্কুল থেকে বের হয়ে নিজেদের গাড়িটি মাতিউল্লাহ যেখানে ছেড়ে গিয়েছিলেন সেখানেই দেখতে পাওয়া গেছে। তিনি বলেন, ‘গাড়ির দরজা খোলা আর চাবি ভেতরে রাখা ছিল। গাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে তাকে জোরপূর্বক বের করা হয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজ। সেখানে তিনি মাতিউল্লাহ জান অপহরণের শিকার হয়েছেন বলে স্বীকার করে নেন। তিনি বলেন, ‘আমার কাছে বিস্তারিত সব তথ্য না থাকার পরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই তিনি যে অপহরণের শিকার হয়েছেন তা অনেকটা স্পষ্ট।’ তাকে উদ্ধার করা সরকারের দায়িত্ব মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সরকার তার কর্তব্য পালন করবে।