পাকিস্তানে পুলিশ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ইন্টারনেট সেবা বন্ধ
পাকিস্তানের লাহোরে বিক্ষোভকারীদের গুলিতে তিন পুলিশ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার শহরটিতে বিক্ষোভকারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হন ও আহত হন আরো পাঁচ জন। রাজনৈতিক দল তেহরিক- ই- লাব্বাইক পাকিস্তান (টিএলপি) ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
লাহোরের ডিআইজির মুখপাত্র জানিয়েছেন, এরইমধ্যে দুজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম যথাক্রমে আয়ুব ও খালিদ। তৃতীয়জনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের এরইমধ্যে হাসপাতালে নেয়া হয়েছে।
তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভির মুক্তির দাবিতে শুক্রবার লাহোরে এক হাজারের বেশি সমর্থক জড়ো হয়। তারা রাস্তা বন্ধ করে সমাবেশ করতে থাকে। সেসময় আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। এছাড়া পুলিশকে লাঠিপেটা করা হয় এবং পাথর নিক্ষেপ করা হয়।
গত এপ্রিলে মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার প্রতিবাদে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক বাতিলের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ ও সহিংসতা শুরু করে তেহেরিক-ই-লাব্বাইক। ওই ঘটনার দায়ে গ্রেফতার হন দলটির নেতা সাদ রিজভি।