অভিষেক ম্যাচেই দারুণ গোলে মিয়ামিকে জেতালেন লিওনেল মেসি
নাটকীয় এক জয় দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন। শেষ সময়ে তার পায়ের জাদুতে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
শনিবার ভোরে ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপে ইন্টার মিয়ামির মুখোমুখি হয় ক্রুজ আজুল। এই ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জয় পায় মেসির ইন্টার মিয়ামি।
আজুলের বিপক্ষে মেসি ছিলেন না শুরু থেকে। তিনি মাঠে নামেন বদলি হিসেবে। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে আর্জেন্টাইন ফুটবল জাদুকর দলকে জয় উপহার দেন। অবশ্য ১-০ গোলের লিড ছিল ডেভিড বেকহ্যামের দলের। কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল।
এদিকে লিওনেল মেসি অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর আমরা এভাবেই এগিয়ে যাব।’