অক্সফোর্ডের ভ্যাকসিনটি করোনা চিকিৎসায় রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়বে
অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনটি নিরাপদ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। সোমবার আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে ভ্যাকসিনটির প্রথম ধাপের দুটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, এই ফলাফল আশাব্যঞ্জক হলেও ভ্যাকসিন করোনার চিকিৎসায় পুরোপুরি কার্যকর সুরক্ষা দেবে কিনা তা এই ফলাফলে জানা যায়নি। বৃহৎ আকারের তৃতীয় ধাপের পরীক্ষায় তা নিশ্চিত হওয়া যাবে।
দশ জন অংশগ্রহণকারীর একটি সাব-গ্রুপ গবেষণায় প্রাপ্ত তথ্য অনুসারে, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপে ১ হাজার ৭৭ জনের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন ক্যান্ডিডেট প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে পরীক্ষার ৫৬ দিন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদন ও টি-সেল রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। দ্বিতীয় ডোজ দেওয়ার পর এই ফল আরও বেশি হতে পারে।
গবেষণা দলের প্রধান অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যান্ড্রিউ পোলার্ড বলেন, আমরা আশা করছি এই ফলাফলের অর্থ হলো শরীরের ইমিউন ব্যবস্থা ভাইরাসটিকে চিহ্নিত করতে পারবে এবং আমাদের ভ্যাকসিন মানুষকে দীর্ঘসময়ের জন্য সুরক্ষা দেবে।