শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

অফিসে ঢুকতে দেরি হলে বেতন কাটা যাবে?

মোহাম্মদ খাইরুল আমিন • 22 এপ্রিল 2026, 08:32 রাত • 180 বার পঠিত
অফিসে ঢুকতে দেরি হলে বেতন কাটা যাবে?

আমি সাইয়েদ আজম, ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হলো, মাসে তিন দিন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে প্রবেশ করলে এক দিনের বেতন কাটা হয়। এ ক্ষেত্রে কে কতটা বিলম্ব করল তা বিবেচ্য নয়। অনেক সময় শহরের যানজটের কারণে অনিচ্ছা সত্ত্বেও কারো কারো দেরি হয়ে যায়। এভাবে কর্মীদের বেতন কাটা কি শরিয়ত অনুমোদন করে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, শরিয়তের দৃষ্টিতে কোনো প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তি চাকরি প্রদানের সময় প্রদত্ত শর্ত মানতে বাধ্য। একইভাবে নির্ধারিত সময় প্রতিষ্ঠানের প্রাপ্য এবং ব্যক্তির কাছে তা আমানত। কর্মীর দায়িত্ব নির্ধারিত সময় পূর্ণ করা এবং নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে অবস্থান করা। সুতরাং উল্লিখিত নিয়ম যদি কর্মী নিয়োগের সময় বলে দেওয়া হয় এবং তা শর্তের অন্তর্ভুক্ত হয়, তবে অফিসে আসতে বিলম্ব করলে কর্তৃপক্ষের বেতন কাটার অবকাশ আছে। এই ক্ষেত্রে শরিয়ত মালিকপক্ষকে কেবল ততটুকু সময়ের বেতন কাটার অনুমতি দেয় যতটুকু সময় সে অনুপস্থিত ছিল। এর চেয়ে বেশি পরিমাণ সময়ের বেতন কাটা জায়েজ নেই। 

ফাতাওয়ায়ে শামিতে বলা হয়েছে, ‘শিক্ষক বা অনুরূপ কর্মজীবীদের যদি কোনো অপারগতা তৈরি হয়, যেমন অসুস্থতা বা হজে যাওয়া এবং সে নিজে প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারে, তবে সে নির্ধারিত বেতন দাবি করতে পারবে না। কেননা বেতন নির্ধারণ করা হয়েছিল তাঁর উপস্থিতির শর্তে। সুতরাং উপস্থিতি পাওয়া গেলে নির্ধারিত বেতন পাবে, নতুবা নয় (অনুপস্থিত দিনের বেতন কাটা হবে)। (ফাতাওয়ায়ে শামি : ৪/৪১৯)

কোনো কর্মী ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে তার বেতন কাটা যাবে কি না—এমন এক প্রশ্নের উত্তরে ফাতাওয়ায়ে মাহমুদিয়াতে বলা হয়েছে, ‘যদি চাকরি প্রদানের শর্ত এমন থাকে যে, ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে বেতন কাটা হবে, তবে বেতন কর্তন করা যাবে। আর যদি নিয়োগের সময় বিনা ছুটিতে অনুপস্থিত থাকার অবকাশ দেওয়া হয়, তবে অবকাশপ্রাপ্ত দিনগুলোর বেতন কাটা যাবে না। অর্থাত্ নিয়োগের সময় প্রদত্ত শর্তানুসারে কাজ করা হবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৫/৫৩৫)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।