শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নুপুর শর্মা লাপাত্তা, তাকে খুঁজে পাচ্ছে না মুম্বাই পুলিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুন 2022, 11:25 দুপুর • 430 বার পঠিত
নুপুর শর্মা লাপাত্তা, তাকে খুঁজে পাচ্ছে না মুম্বাই পুলিশ

নুপুর শর্মা লাপাত্তা। নিখোঁজ। দিল্লিবাসী এই বিজেপির সাবেক নেত্রীর অবস্থান খুঁজে বের করা যাচ্ছে না। টানা কয়েকদিনের চেষ্টায়ও তাকে খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জন্য মামলা হয় নুপুর শর্মার বিরুদ্ধে। সেই মামলার তদন্তের জন্য নুপুর শর্মার সঙ্গে দেখা করতে গত ৬ দিন ধরে মুম্বাই পুলিশের একটি দল দিল্লিতে অবস্থান করছে। কিন্তু তারা নুপুর শর্মাকে খুঁজে পায়নি।

মুম্বাইয়ের পিধোনি পুলিশ স্টেশনের একটি দল এখন দিল্লিতে আছে। তারা সেখানে গেছে নুপুর শর্মার হাতে সরাসরি সমন পৌঁছে দিতে। এই সমন মুম্বাই পুলিশের সামনে হাজির হওয়ার জন্য। এর মাধ্যমে তদন্ত এগিয়ে নিতে চায় পুলিশ। 

হিন্দুস্থান টাইমস সংবাদপত্র জানাচ্ছে, নুপুর শর্মা নিখোঁজ। গত কয়েকদিন অনেক চেষ্টা করেও নুপুর শর্মা কোথায় আছেন তা জানতে পারেনি মুম্বাই পুলিশ। 

গত ২৮ মে পিধোনি পুলিশ স্টেশনে নুপুর শর্মার বিরুদ্ধে একটি মামলা হয়। টেলিভিশন সংবাদ বিতর্কে মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জন্য সেই মামলা করা হয়। আগামী ২৫ জুন সকাল ১১টায় তার বক্তব্য রেকর্ড করার জন্য পিধোনি পুলিশের সামনে তাকে উপস্থিত হওয়ার সমন জারি করা হয়েছে আগেই। 

নুপুর শর্মার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছেও এফআইআর আছে। সেটি করেছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেল। কলকাতা পুলিশ তাকে ২০ জুন হাজির হতে সমন জারি করেছে।

আরো একটি মামলা হয়েছে খোদ দিল্লিতে। দিল্লি পুলিশ সেটি করেছে। 

নুপুর শর্মা ঘটনার কেন্দ্রে। তিনি ছিলেন ভারতের ক্ষমাতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র। দিল্লির এই নেতা গত ২৬ মে একটি টেলিভিশন সংবাদ বিতর্কে মহানবী (সাঃ) কে অবমাননা করে বক্তব্য দেন। তার মন্তব্যের সূত্র ধরে টু্ইটারে দিল্লির বিজেপি নেতা নাভিন জিন্দাল মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। পরে তিনি টুইট মুছে ফেলেন। 

কিন্তু বিশেষ করে ঘটনার কেন্দ্রীয় চরিত্র নুপুর শর্মার মন্তব্য নিয়ে প্রথমে ভারতেই বিক্ষোভ শুরু হয়। কানপুরে গত শুক্রবার (৩ জুন) জুমার নামাজের পর বিক্ষুব্ধ মুসলমানদের সঙ্গে আরেক গ্রুপের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। 

এই খবর ছড়িয়ে পড়ে। এর পর ৪ জুন থেকে মূলত মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। আরব বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারদের ডেকে নিয়ে প্রতিবাদ জানায়। সেই সঙ্গে অনেক দেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। কিছু দেশ ভারতকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে। 
আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কট করার ট্রেন্ড শুরু হয়ে যায়। আর বিভিন্ন দেশে বিক্ষোভ তো চলমান। 

মুসলিম বিশ্বের কাছ থেকে খুব চাপে পড়ার পর বিজেপি গত ৫ জুন নুপুর শর্মাকে সাময়ীক বরখাস্ত করে। আর নাভিন জিন্দালকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় দুজনই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপর দিল্লিতে তাদের  বিরুদ্ধে মামলাও হয়েছে। 

কিন্তু মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় থামেনি। ওই দুজনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি দিনে দিনে আরো জোরালো হচ্ছে। ভারতীয় সরকারের মুসলিম বিশ্বের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক এখন খুব ঝামেলাপূর্ণ একটি অবস্থায় পড়ে গেছে। নিজেদের দেশেও প্রতিবাদ-বিক্ষোভের মুখে এখন চাপে তারা। এর মধ্যে এই ঘটনার প্রতিবাদে ভারতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ২ জন মুসলমান। গ্রেপ্তার হয়েছেন আরো কয়েকশ মানুষ।