নতুন করে পরমাণু-চালিত সাবমেরিন বানাচ্ছে রাশিয়া: পুতিন
সোমবার মস্কোর বাইরে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামের উদ্বোধন করেন পুতিন। সেখানেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া পরমাণু চালিত সাবমেরিন সহ নৌবাহিনীর জন্য বেশ কিছু যান বানাবে।
এই প্রদর্শনীতে রাশিয়ার অস্ত্রশস্ত্র ও সেনার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হয়েছে। রাশিয়া চাইছে, বিদেশি ক্রেতারা এই প্রদর্শনীতে এসে অস্ত্র কেনার বরাত দিক তাদের। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সেই প্রদর্শনী দেখেছেন। পুতিন একটি ভিডিওতে বলেছেন, শক্তিশালী ও সার্বভৌম রাশিয়ার জন্য চাই শক্তিশালী নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীকে শক্তিশালী রাখতে হবে। দেখতে হবে, যাতে তারা নিজেদের বেস তৈরি করতে পারে, তাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকে। বিশেষ করে স্টেট অফ আর্ট অস্ত্র থাকে।
পুতিন জানিয়েছেন, ‘আমাদের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজে সর্বাধুনিক অস্ত্র, যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশনের জন্য আধুনিক যন্ত্র লাগানো হবে। সিরিয়ায় সংঘাতের সময় আমাদের প্রযুক্তি যে কতটা কার্যকর তা আমরা দেখেছি।’ তিন ধরনের জলযান তৈরির নির্দেশ দেয়া হয়েছে। তার মধ্যে আছে দুইটি পরমাণু-চালিত সাবমেরিন যেখানে ইন্টারকনটিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকবে। এছাড়া দুইটি ডিজেল চালিত সাবমেরিন এবং অন্য নৌযানও তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন।