শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নতুন দলের মহারথী` মন্তব্যে বিতর্ক, বক্তব্য বদলালেন

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 29 জুলাই 2025, 07:31 বিকাল • 331 বার পঠিত
নতুন দলের মহারথী` মন্তব্যে বিতর্ক, বক্তব্য বদলালেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর দেওয়া একটি ফেসবুক পোস্টের কিছু অংশ পরিবর্তন করেছেন। দুর্নীতি ও তদবির প্রসঙ্গে দেওয়া বক্তব্যে ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’র কথা উল্লেখ করে আলোচনায় আসেন তিনি। পরে ভোররাতে ওই অংশ সংশোধন করে লেখেন, ‘বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত।’

মাহফুজ আলম গতকাল সোমবার রাত ২টা ৫১ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে!’

পোস্টটি দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর, ভোর ৪টা ২৮ মিনিটে ওই অংশ পরিবর্তন করেন তিনি। সংশোধিত পোস্টে তিনি লেখেন, ‘বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।’

পোস্টে তিনি তদবির ও ঘুষের প্রস্তাব নিয়ে একটি ঘটনার উল্লেখ করেন। লেখেন, ‘একটি টেন্ডার ঘিরে পার্সেন্টেজ দেওয়ার প্রস্তাব আসে, যা আমি জানার পর নিষেধ করি। রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না বলেই কাজটি স্থগিত হয়।’

এছাড়া একটি কথোপকথন রেকর্ড করে তা ফাঁসের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। বলেন, ‘এক ব্যক্তি কথোপকথনের রেকর্ড একজন সাংবাদিককে পাঠান। সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বিষয়টি খোলাসা করি। তিনি বিশ্বাস করায় সেটি আর প্রকাশ করেননি।’

পোস্টের শেষদিকে উপদেষ্টা লেখেন, ‘গত ১২ মাসে আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত, যা আমাদের কাছে হাজার কোটি টাকার চেয়েও গুরুত্বপূর্ণ।’

পরে আবারও পোস্টটি এডিট করে মাহফুজ আলম লেখেন, ‘কয়েকটি বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। কয়েকটি দলের মহারথীরাই আমাদের বিরুদ্ধে কাজ করছেন।’

এ সময় তিনি তাঁর ভাই মাহবুব আলমের একটি ফেসবুক পোস্টও শেয়ার করেন।

মাহবুব আলম ‘মিথ্যা অভিযোগের জবাব’ শিরোনামে নিজের অ্যাকাউন্টে লেখেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস থেকে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘গত ৬ মাসের অ্যাকাউন্ট বিবরণী প্রকাশ করছি। আমাদের কোনো আর্থিক অসঙ্গতির ইতিহাস নেই। আমি অস্ট্রেলিয়ায় মাস্টার্সে পড়েছি, অ্যাকাউন্ট এখনো সক্রিয়।’

তিনি দাবি করেন, কোনো তদবিরের কাজ তিনি বা তাঁর পরিবার করেননি। মাহফুজ আলমের পক্ষ থেকেও তিনি কিছু করেননি এবং তদবির করতে নিষেধ করা হয়েছে বলে জানান।

মাহবুব আলম আরও বলেন, ‘আমাদের পারিবারিক ব্যবসা গত ৩০ বছর ধরে চলছে। সবই বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ। কেউ আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি, পারবেও না।’

এ ঘটনায় যাঁর নাম তিনি উল্লেখ করেন, বনি আমিন—তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেন মাহবুব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এর আগে চলতি মাসের ১৭ জুলাই গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের পরিবারের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।