নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
শিক্ষামন্ত্রী আজ সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
ডা. দীপু মনিবলেন, ‘‘এবার বড় একটা চ্যালেঞ্জ আসছে। কাগজের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কাগজের সংকটও আছে, তাছাড়া লোডশেডিং এর বিষয়টিও আছে। আশা করছি, আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো সময়মতো ছাপানোর ক্ষেত্রে। তবুও আমরা চেষ্টা করছি, আশা করি সময়মতো করা যাবে ইনশা আল্লাহ।’’
শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন ক্লাস নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আমাদের আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে ৫ দিনের। তো আমরা ভাবছি বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে, সে জন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো যদি ৫ দিন করি, সে ক্ষেত্রে ১টা দিন বিশেষ করে শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আনানোর জন্য, সেটার সাশ্রয় হবে পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুতের ব্যবহার হয় সেটারও সাশ্রয় হবে। সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’’
ডা. দীপু মনি আরও বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ৫ দিন করা হলে তা এমনভাবে বিন্যাস করতে
চান যাতে করে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা না হয়।