শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার রায় আগস্টে

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2020, 08:28 রাত • 271 বার পঠিত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার রায় আগস্টে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে করা মামলার রায় আগামী আগস্টে দেয়া হবে। নিউজিল্যান্ডের আদালতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মার্চে তিনি এ গণহত্যার দায় স্বীকার করেন। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রায় ঘোষণার দিন ধার্যে বিলম্ব হচ্ছিলো।

শুক্রবার দেশটির বিচারপতি ঘোষণা দেন, আগামী ২৪ আগস্ট রায় ঘোষণা করা হবে। নিউজিল্যান্ডের বাইরে অবস্থানরত ভুক্তভোগী ও তাদের পরিবারের লোকজন চাইলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রায় ঘোষণার সময় যুক্ত থাকতে পারবেন।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর ও লিনউড মসজিদে হামলা চালান ব্রেন্টন ট্যারেন্ট। এ ঘটনায় ৫১ জনকে হত্যাসহ ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়।

বিচারপতি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভুক্তভোগীর পরিবারের লোকজন নিউজিল্যান্ডে আসতে না পারায় রায় ঘোষণার দিন ধার্যে বিলম্ব হয়। করোনার কারণে শুধু নিউজিল্যান্ডের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছিল। নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের পক্ষ থেকে অন্যান্য দেশের নাগরিকদের সীমিত পরিসরে প্রবেশের অনুমতির অপেক্ষায় ছিলাম। 

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান ব্রেন্টন। হামলার সময় তিনি ফেসবুক লাইভে আসেন। ১৭ মিনিট ধরে ওই হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত একের পর এক গুলি ছুড়তে থাকেন তিনি। এ হামলায় ৫১ জন নিহত ও ৪০ জন আহত হয়।

#সন্ত্রাস #সন্ত্রাসী #সন্ত্রাসী হামলা