নির্বাচিত হওয়ার পর বাইডেনের ৬ ট্রিলিয়ন ডলারের ১ম বাজেট প্রস্তাব
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বার্ষিক বাজেট ঘোষণা করেছেন। বাজেটে তিনি ৬ ট্রিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন। এতে ধনীদের ওপর বাড়তি কর আরোপ করা হয়েছে।
এ বাজেটে বিভিন্ন নতুন ধরনের সামাজিক কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এ প্রস্তাবনা এখন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যদিও এটিকে ‘অস্বাভাবিক খরুচে’ বলে আখ্যায়িত করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপির ১১৭ শতাংশে পৌঁছাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যাবে। এজন্য বাইডেন কমপক্ষে ৩ ট্রিলিয়ন ব্যয় করবেন। অন্যদিকে তিনি কর্পোরেশন, মূলধন সম্পদ ও ধনীদের ওপর বাড়তি কর আরোপ করেছেন।
বাইডেনের বাজেটে ১.৫ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে পেন্টাগন ও অন্য সরকারি বিভাগগুলো পরিচালনার জন্য। এতে আরো দুটি পরিকল্পনা তিনি অন্তর্ভুক্ত করেছেন, যা আগেই উপস্থাপন করেছিলেন- ২.৩ ট্রিলিয়ন ডলারের চাকরি পরিকল্পনা ও ১.৮ ট্রিলিয়ন ডলারের পরিবার পরিকল্পনা।