নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৫৩ গ্রামবাসী নিহত
নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৫৩ গ্রামবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির জামফারা প্রদেশে বন্দুকধারীরা এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, একদল বন্দুকধারী মোটর সাইকেলে করে জামফারা প্রদেশের জুরমি জেলার কাদাওয়া, কাওয়াতা, মাদুবা, গান্দাসামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে হামলা করে।
এ সময় তারা গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়।
নাইজেরিয়ার জামফারা পুলিশ বিভাগের মুখপাত্র জানান, হামলায় এ পর্যন্ত ৫৩ জন মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এবং এ পর্যন্ত ১৪ জন আহত গ্রামবাসীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইজেরিয়ার উত্তর, উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে সশস্ত্র হামলা, ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ। যে কয়েকটি প্রদেশে এই অপরাধগুলো সবচেয়ে উচ্চমাত্রায় হচ্ছে, সেগুলোর মধ্যে জামফারা অন্যতম।
গত ডিসেম্বরে এই জামফারা প্রদেশেরই একটি স্কুল থেকে সাড়ে আটশ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।