শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুক্তিযোদ্ধাদের মর্যাদার সংজ্ঞায় পরিবর্তন আনার উদ্যোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2025, 05:19 বিকাল • 156 বার পঠিত
মুক্তিযোদ্ধাদের মর্যাদার সংজ্ঞায় পরিবর্তন আনার উদ্যোগ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র যুদ্ধ করা ব্যক্তিরাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন, এবং যারা স্বাধীনতা অর্জনের জন্য দেশ-বিদেশে কূটনৈতিক সমর্থন ও জনমত গঠনসহ অন্যান্য সহযোগিতা করেছেন, তারা হবেন 'মুক্তিযুদ্ধের সহযোগী'। তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

বর্তমানে আইনের সংজ্ঞায় যেসব ব্যক্তি সরাসরি যুদ্ধ করেননি, তাদের মধ্যে আট ধরনের ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু ফারুক ই আজম জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ সংশোধন করে নতুন অধ্যাদেশ করা হচ্ছে, যাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হবে। এর খসড়া প্রস্তুত করা হয়েছে এবং মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো দাবি করেছেন যে, যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের মর্যাদা অন্যদের থেকে আলাদা রাখা উচিত। তবে, মুক্তিযুদ্ধের সহযোগীদের ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়, তাদের কাজও মূল্যবান, কিন্তু তাদের আলাদা ক্যাটাগরিতে রাখা হবে।

তিনি আরও বলেন, ‘ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারো নেই। শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন—তাদের স্ট্যাটাসটাই (উপাধি) যাতে মুক্তিযোদ্ধা থাকে।’

এছাড়াও, মুক্তিযোদ্ধাদের সংগঠনগুলো অনুরোধ করেছে যে, যারা ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সুবিধা নিয়েছেন, তাদের ২৬ মার্চের মধ্যে ক্ষমা চেয়ে আবেদন করার সুযোগ দেওয়া হোক।

মুক্তিযোদ্ধাদের বয়সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হতে হলে সর্বনিম্ন বয়স মুক্তিযুদ্ধের সময় ১২ বছর ৬ মাস নির্ধারিত আছে। কিন্তু এটা নিয়ে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি হলে রায়ে ভিন্ন কিছু না থাকলে এ বয়সই বহাল থাকবে। মামলা নিষ্পত্তির জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে। আদালত ১২ বছর ৬ মাস বহাল রাখলে প্রচুর অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবেন।’

বর্তমানে দেশে ৯১ হাজার ৯৯৮ জন জীবিত মুক্তিযোদ্ধা আছেন এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা মোট ২ লাখ ৫৬ হাজার ৪৭৬ জন।