শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 02 জানুয়ারী 2024, 08:56 সকাল • 517 বার পঠিত
মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করিনি, সে দোষে শাস্তি পেলাম আর একে ন্যায়বিচার বলতে চান, বলুন।


সোমবার ১ জানুয়ারি ২০২৪, রাজধানীর পল্টনে শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শ্রম আইন লঙ্ঘন করার দায়ের হওয়া মামলায় সোমবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপরই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়।

তিনি বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আজ আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেলো। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয়নি। তারা আজ এসেছেন, এ আনন্দের দিনে, যে কী রায় হয়েছে, তা দেখার জন্য।

রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একসঙ্গে ছিলাম। যে দোষ আমি করিনি, সেই দোষের ওপর শাস্তি দিল। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল।
 
এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।