শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য, কুয়েতে ভারতীয় পণ্য বর্জন

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 03:35 দুপুর • 655 বার পঠিত
মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য, কুয়েতে ভারতীয় পণ্য বর্জন

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন করার ডাক এসেছে মুসলিম বিশ্বে। কুয়েতের একটি সুপারমার্কেট তাদের সেলফ থেকে ভারতীয় পণ্য নামিয়ে ফেলেছে। খবর এএফপির। 

কুয়েতের সুপারস্টোর আল-আরাদিয়া কো-অপারেটিভ সোসাইটি স্টোর ভারতীয় চা ও তাদের কাছে থাকা সব ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছে। তারা আর তা বেচবে না। ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির দুই নেতার মহানবী (সাঃ) কে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। ‘ইসলাম বিদ্বেষী’ রাষ্ট্রের পণ্য তাদের বিক্রি করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে তারা। 

প্রসঙ্গত, নুপুর শর্মা নামের বিজেপির সাবেক মুখপাত্র গত মাসে টেলিভিশন সংবাদ বিতর্কে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশোভন মন্তব্য করেন। পরে নাভিন জিন্দাল নামে বিজেপি দিল্লির এক নেতা টুইটে তাকে সমর্থন করে আরো অবমাননাকর কথা বলেন। এই দুজনকে রোববার বিজেপি যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করেছে। তাদের প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয়েছে।

কিন্তু তার আগেই তাদের বক্তব্যের প্রতিবাদে মুসলিম বিশ্বে আগুন জ্বলে উঠেছে। ক্ষোভে ফুসছে আরব বিশ্ব। টুইটার হ্যাশ্যটাগে ভারতীয় পণ্য বর্জনের ট্রেন্ড শুরু হয়েছে। 

কুয়েত সিটির বাইরে অবস্থিত একটি সুপারমার্কেটে চালের বস্তা, মরিচ ও মশলার সেলফ প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর আরবীতে ওপরে লিখে দেওয়া হয়েছে, ‘‘আমরা ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছি।’’

এই সুপারমার্কেটের সিইও নাসের আল-মুতাইরি এএফপিকে বলেছেন, ‘‘আমরা কুয়েতের মুসলমানরা মহানবীর (সাঃ) অপমান সহ্য করি না।’’

এই চেইন সুপারমার্কেটের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানি হিসেবে আরো বৃহত্তর রূপে ভারতীয় পণ্য বর্জনের কথা বিবেচনা করা হচ্ছে।