শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মেয়েদের হাইস্কুল খোলার পরপরই বন্ধের নির্দেশ দিলো তালেবান

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2022, 04:56 দুপুর • 253 বার পঠিত
মেয়েদের হাইস্কুল খোলার পরপরই বন্ধের  নির্দেশ দিলো তালেবান

দীর্ঘদিন প্রহর গোনার পর আফগানিস্তানে খুলেছিল মেয়েদের মাধ্যমিক স্কুল। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় ক্লাসে ফিরেছিল মেয়ে শিক্ষার্থীরা। তবে বুধবার স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ফের বন্ধ ঘোষণা করায় কট্টরপন্থী এই গোষ্ঠীর নীতি পরিবর্তনের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্কুলে আসার পর মেয়ে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলার খবরের বিষয়টি নিশ্চিত করে তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামানগনি এএফপিকে বলেছেন, হ্যাঁ, এটি সত্য।

এএফপির একটি টিম বুধবার রাজধানী কাবুলের জারঘোনা হাইস্কুলে শিক্ষার্থীদের ছবি তুলছিলেন। এসময় এক শিক্ষক সেখানে প্রবেশ করেন এবং সবাইকে বাড়ি ফিরে যেতে নির্দেশ দেন।

গত বছরের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর বুধবারই প্রথমবারের মতো ক্লাসে ফিরে আসা শিক্ষার্থীরা নির্দেশনা পেয়ে অশ্রুসিক্তভাবে তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়।