মেট্রোরেলের পিলারে পোস্টার লাগালে ব্যবস্থা নিবে ডিএনসিসি
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগিয়ে সৌন্দর্য বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশ পর্যন্ত পিলারগুলোতে সতর্কবার্তা লেখা আছে। তবু বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার লাগানো হয়েছে।
এদিকে ডিএনসিসি কর্মকর্তারা জানিয়েছেন, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুসারে যেখানে সেখানে পোস্টার লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইন বাস্তবায়ন করে সৌন্দর্যহানির হাত থেকে মেট্রোরেলসহ বিভিন্ন স্থাপনা রক্ষার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
মেয়র আতিক জানিয়েছেন, সিটি কর্পোরেশনের আগামী বোর্ড সভায় ওয়ার্ডগুলোর কোথায় পোস্টার লাগানো যাবে তা নির্ধারণ করে দেওয়া হবে।
কোচিং সেন্টারগুলোর দেয়ালে পোস্টার লাগানোর তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, আমি অভিযানের সময় দেখবো কার কার পোস্টার লাগানো হয়েছে। আমাদের শহর যদি পোস্টারের শহর হয়ে যায় এটি হবে খুবই দুঃখজনক।