মালয়েশিয়ায় আবারও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ায় আবারও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করা হয়েছিল। যা ১৭ মে শেষ হওয়ার কথা ছিল।
দেশটির সেলাঙ্গর রাজ্যের ৬টি জেলা- হুলু লাঙ্গাত, পেতালিং, গোম্বাক, ক্লাং, কুয়ালা লাঙ্গাত ও সেপাং জেলাকে ১২ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে যা ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর, তেরেংগানু রাজ্যের ১৪টি উপজেলা যেমন; কাম্পুং রাজা, লুবুক কাওয়াহ, পেলাগাত, তেনাং, কেলুয়াং, বুকিত কেনাক, কুবাং বেম্বান, জাবি, কেরান্দাং, পেংকালান নাংকা, পাসির আকার, তেম্বিলা, বুকিত পুতেরি, কুয়ালা বেসাত ও জোহর রাজ্যের ৩টি জেলা যেমন; জোহর বারু, কুলাই, কোতা টিঙ্গি, এছাড়া পেরাক রাজ্যের তাইপিং, লারুত, মাতাং ও সেলামা’কে লকডাউন ঘোষণা করা হয়েছে।
৫ মে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি দেশটির আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।
জনসমাগমের ওপর চলমান নিষেধাজ্ঞার মধ্যেই শর্তসাপেক্ষে শহরের রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দিলেও সেক্ষেত্রে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, কিংবা সেখানে আড্ডা জমানো যাবে না।