মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইঞ্জিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। আন্ডারসেট টানেল প্রকল্পে ৬ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
লিমের বিরুদ্ধে অভিযোগ, পেনাংয়ের মুখ্যমন্ত্রী থাকার সময় প্রকল্প থেকে ১০ শতাংশ লভ্যাংশ চেয়েছিলেন তিনি। রাস্তা ও টানেল প্রকল্পের কাজে প্রাদেশিক সরকারের নিয়োগকৃত কোম্পানির মালিকের কাছ থেকে ঘুষ চেয়েছিলেন তিনি। ২০১১ সালের মার্চে কুয়ালালামপুরের একটি হোটেলের কাছে তিনি এই অপরাধ করেছিলেন।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে এমএসিসি আইন ২০০৯ এর ধারা ১৬ (ক) (এ) এর অধীনে দুর্নীতির মামলায় বিশেষ আদালতে জ্যেষ্ঠ বিরোধীনেতা লিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ঘুষের পাঁচ গুণ জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডও হতে পারে। আগামী মঙ্গলবার পেনাং দায়রা আদালতে এমসিসি আইনের ২৩ ধারায় লিমের বিরুদ্ধে পৃথক মামলার জন্যও চার্জ করা হবে।
শুক্রবার সকালে বিশেষ দুর্নীতি আদালতে আনা হয় লিমকে। আন্ডারসেট টানেল প্রকল্পে দুর্নীতি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে মাসব্যাপী তদন্ত শেষে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাকে।