শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালদ্বীপকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ দিবে ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 07:59 বিকাল • 181 বার পঠিত
মালদ্বীপকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ দিবে ভারত

পর্যটক প্রিয় মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে ভারত। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বলয়ের সম্প্রসারণকে টেক্কা দিতে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রচেষ্টার মাঝে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিল।

মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে দেশটির তিনটি দ্বীপের যোগাযোগ স্থাপন করতে ভারতের বিশাল এই প্যাকেজ ঘোষণা দেয়া হয়েছে। বিস্তীর্ন সৈকত ও সমুদ্রের নীল জলরাশির জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদকে বলেন, ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে রাজধানী মালের সংযোগ প্রকল্পে সহায়তা করবে নয়াদিল্লি। এছাড়া আরো ৪০০ মিলিয়ন ডলারের নতুন ঋণ দেয়া হবে।

জয়শঙ্কর বলেন, রাজধানী মালেকে ভিলিংগিলি, গুলহিফাহু ও থিলাফুশি দ্বীপের সঙ্গে সংযুক্ত করার পরকিল্পনাটি হবে মালদ্বীপের বৃহত্তম বেসামরিক অবকাঠামো প্রকল্প। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহত্তর সংযোগের ফলে সমৃদ্ধি বয়ে আসবে উল্লেখ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেছেন।