শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়া নিয়ে তুরস্ক ও মিশরের মধ্যে উত্তেজনা

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 12:14 দুপুর • 678 বার পঠিত
লিবিয়া নিয়ে তুরস্ক ও মিশরের মধ্যে উত্তেজনা

লিবিয়া নিয়ে তুরস্ক ও মিশরের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এই উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ আগেও লিবিয়ার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভিন্ন ছিলো। তবে ত্রিপোলির উপকণ্ঠ থেকে হাফতার বাহিনীকে সরিয়ে দেয় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। এরপরই পুরো দৃশ্যপট বদলে যায় । সরকারি সেনাদের ওই সাফল্যের মূল কারিগর হচ্ছে তুরস্ক। লিবিয়ায় তুরস্কের এই সাফল্যে উদ্বিগ্ন মিশর। 

কয়েক বছর ধরেই লিবিয়ায় প্রক্সি যুদ্ধ চালিয়ে আসলেও এবার দেশটিতে সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মিশর। এরইমধ্যে প্রেসিডেন্ট সিসির এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন দেশটির পার্লামেন্ট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সির্তে শহর ও আল জুফরা এয়ারবেস ঘিরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যেকোনো সময় দেশটিতে সেনাবাহিনী পাঠিতে পারে মিশরের প্রেসিডেন্ট। যদি এমনটা ঘটে তবে তুরস্কের কাছে সামরিক সংশ্লিষ্টতা বাড়ানো ছাড়া উপায় থাকবে না বলে ধারণা বিশেষজ্ঞদের। ফলে লিবিয়ায় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মিশর এবং তুরস্কের মধ্যে।

লিবিয়ার গৃহযুদ্ধে জড়িত দুই পক্ষের কাছেই শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তুরস্ক, ইতালি ও কাতার জাতিসংঘ স্বীকৃত জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে জেনারেল হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) সমর্থন দিচ্ছে রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স। তবে জেনারেল হাফতারকে সমর্থন দেয়ার কথা বরাবরই অস্বীকার করে আসছে ফরাসি সরকার।