ক্যালিফোর্নিয়ায় ৮ হাজার কারাবন্দিকে মুক্তি দেয়া হচ্ছে
করোনা সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ৮ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। ক্যালিফোর্নিয়া সংশোধন ও পুনর্বাসন দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন অঙ্গরাজ্যটির কারাগারগুলোতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যটি। রাজ্যের গভর্নর মঙ্গলবার বলেছেন, কারাগারটিতে প্রায় এক হাজার করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস এ্যান্ড রিহ্যাবিলিটেশন থেকে বলা হয়েছে, সংকট শুরু হওয়ার পর ইতোমধ্যে ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। নতুনভাবে যাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়া হবে আগস্টের শেষ দিকে। বিভাগীয় সচিব শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, বন্দি ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এক বছর বা তার চেয়ে কম সময় কারাগারে কাটানো বন্দীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বে। এর মধ্যে যারা যৌন অপরাধ ও বড় ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত, আগাম মুক্তির তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া জানান, অঙ্গরাজ্যটির ৩৫টি কারাগারে প্রায় ২ হাজার ৪০০ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সান ফ্রান্সিসকোর সান কুয়েনটিন কারাগারে আক্রান্ত তেরোশ’র অধিক বন্দি। এখন পর্যন্ত ৩ লাখের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৯৩৬ জন।