শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2025, 08:53 রাত • 308 বার পঠিত
কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তেজনা, সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

ভিসিকে অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা
শিক্ষার্থীদের দাবি উপেক্ষিত হওয়ায় ১৯ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়। তিনি বুধবার বিকেল সোয়া ৫টার দিকে মুক্তি পান। অবরুদ্ধ থাকা অবস্থায়ই তিনি সিন্ডিকেট সভায় অনলাইনে সভাপতিত্ব করেন।

২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপাচার্য বাসভবনে প্রবেশ করেন, তবে এর আগেই কে বা কারা তালা ভেঙে ফেলেছিল। শিক্ষার্থীরা উপাচার্যকে বাসভবন ছাড়তে ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।