ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট
তীব্র বিক্ষোভের মুখে পড়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তবে তার আগে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের কথা বলেছেন তিনি। আর সেটা হলেও ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
বেলারুশের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, আগে তিনি সংবিধান সংশোধন করবেন। তারপর সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করবেন। তবে রাস্তায় বিক্ষোভে বা চাপের মুখে পড়ে ক্ষমতা ছাড়বেন না।
গত ৯ আগস্ট বিতর্কিত একটি নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে আবারো বিজয়ী ঘোষণা করা হলে বেলারুশে ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট শুরু হয়। রাশিয়ার ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট ১৯৯৪ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। রবিবার রাজধানী মিনস্কে বিরোধীদের ডাকা এক বিক্ষোভে হাজার হাজার মানুষ জড় হয়েছে যা স্বাধীন বেলারুশের ইতিহাসে আগে কখনই দেখা যায়নি।
এমনকি এই বিক্ষোভে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মীরাও। তারা সেন্সরশিপ এবং নির্বাচনের ফলাফলের প্রতিবাদ জানিয়েছেন। চলতি সপ্তাহে আরো বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।