করোনায় উত্তর কোরিয়ায় প্রথম মৃত্যু
করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় প্রথম কোনো মৃত্যুর খবর এসেছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর দিয়েছে। তারা জানায়, জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এর মধ্যে একজন ওমিক্রন পজিটিভ ছিলেন।
উত্তর কোরিয়া গতকাল বৃহস্পতিবার প্রথম কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত নিশ্চিত করে। দেশটির নেতা কিম জং উন দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়ে ‘ জরুরি অবস্থা’ ঘোষণা করেন। পরের দিনই মৃত্যুর খবর এল।
উত্তর কোরিয়ায় বার্তা সংস্থাটি জানিয়েছে, জ্বরে আক্রান্ত এক লাখ ৮৭ হাজার জনকে অন্য সবার থেকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশের খবর বাইরে আসে না। তারা যতটুকু সংবাদ বাইরে দিতে চায় তাই আসে। বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে করোনা আগেই ধরা পড়েছে। কিন্তু উত্তর কোরিয়া তা কখনো স্বীকার করেনি।
শুক্রবার কেসিএনএ জানায়, করোনার সংক্রমণ রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরেও ছড়িয়েছে। তারা অবশ্য বলছে, গেল মাসের শেষে নির্ণয় করা যায়নি এমন একটি জ্বর সারা দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।
তারা আরো জানায়, প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে এই জ্বর ছড়িয়ে পড়েছে। তবে এর মধ্যে কতোজন করোনায় আক্রান্ত তা তারা জানায়নি।
উত্তর কোরিয়া তাদের জনগণকে কোভিড-১৯ এর কোনো টিকা দেয়নি। গত বছর চীনের তৈরি সিনোভ্যাক টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশটি দুই প্রস্তাবই প্রত্যাখ্যান করে।