শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত মাত্র ৭, টানা ১৩ দিন মৃত্যুহীন

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মে 2022, 07:32 বিকাল • 749 বার পঠিত
করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত মাত্র ৭, টানা ১৩ দিন মৃত্যুহীন

গত ২০ এপ্রিলের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তার মানে করোনা মহামারীতে টানা ত্রয়োদশ দিন মৃত্যুহীন রইল বাংলাদেশ। আর এর মধ্যে আরেকটি সুখবর, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন। তার মানে, ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম একদিনে দুই অঙ্কের নিচে রোগীর সংখ্যা নামল। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সবাই ঢাকার বাসিন্দা।  

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুযায়ী এই সময়ে শনাক্তের হার শুন্য দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৪০ শতাংশ। 

ঈদের দিনে এত কম রোগী শনাক্ত হওয়ার খবর নতুন এক খুশীর খবর তো বটে। বাংলাদেশে করোনার আবির্ভাব ২০২০ সালে মার্চে। আর সে বছর ৩ এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা সর্বনিম্ন। দুই বছর এক মাস পর এত কম রোগী শনাক্ত হলো। 

২০২০ সালের ৩ এপ্রিল গত ২৪ ঘণ্টার চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল নতুন ৫ জন রোগী। 

নতুন ৭ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন। গত ১৩ দিনে কারো কোভিড-১৯ এ মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ সুস্থ হয়ে উঠলেন।

এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৭ হাজার ১০২ জন। তার মানে তারা এখনো করোনায় আক্রান্ত।