করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সিউলের সব স্কুল বন্ধ ঘোষণা
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় দফায় হানা দিয়েছে করোনাভাইরাস। দেশটিতে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার কারণে রাজধানী সিউলের সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত দুই সপ্তাহ ধরে সিউলের প্রায় ২০০ শিক্ষার্থী ও স্কুল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই আপাতত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিউল কর্তৃপক্ষ। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অনলাইন ক্লাস চালু থাকবে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সিউলের সকল প্রি-স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস ২৬ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে অনলাইনে হবে। তবে চলতি বছরের শেষের দিকে কলেজের ভর্তি পরীক্ষা নেয়ার আবশ্যকতা থাকায় হাই স্কুল সিনিয়ররা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
করোনার ব্যাপক পরীক্ষা ও অ্যাডভান্সড কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে করোনার প্রথম দফার সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘনবসতিপূর্ণ রাজধানী সিউল ও এর আশেপাশের অঞ্চলগুলোতে ফের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে।
এদিকে, করোনার সংক্রমণ কমতে থাকায় গত ২ মে থেকে ১ জুনের মধ্যে পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্কুলগুলো পুনরায় খুলতে শুরু করে। তবে সংক্রমণ বাড়ায় আবারো স্কুল বন্ধের সিদ্ধান্ত নিলো দেশটি।