করোনার নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে করোনা পরীক্ষার নির্ধারিত ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এছাড়া বাসা থেকে নমুনা সংগ্রহের ফি কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। আগে এ ফি ৫০০ টাকা নেয়া হতো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে পরীক্ষার ফিস কমানোর ব্যাপারে আমরা দাবি করেছিলাম। এর প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন।
দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন থেকে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্যসেবা বিভাগ। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৫০০ টাকা।
স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে আরটিপিসিআর টেস্ট বিনামূল্যে করা হতো। ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছেন। এমতাবস্থায় কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড-১৯ টেস্ট পরিহার করার লক্ষ্যে পরীক্ষার জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে।