করোনা বিশ্লেষণে চীনে যেতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা বিশ্লেষণে চীনে যেতে চাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের শরীরে কীভাবে করোনার ভাইরাস ঢুকল এ সংক্রান্ত সব তথ্য জানার জন্য চীনে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এসব তথ্য না জানা গেলে ভ্যাকসিন তৈরি করা সম্ভব না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান বলেছেন, এরইমধ্যেই এ ব্যাপারে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শাখার সঙ্গে আলোচনা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রস্তাবে এখনো কোনও প্রতিক্রিয়া দেয়নি চীন। তবে চীনের কারণে আমেরিকার কুনজরে পড়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এর মধ্যেই অনুদান দেয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীনই করোনা ছড়ানোর জন্য দায়ী। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে চীন।
এর আগে ফেব্রুয়ারিতে চীনে গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল। সেখানে গিয়ে তারা জানতে পেরেছিল কোনো জীব থেকেই মানুষের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। কিন্তু ঠিক কীভাবে তা ঢুকল তা এখনো পরিষ্কার নয়।