কাঁচা মরিচের দাম নামলো কেজিতে ২০০ টাকার নিচে
কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম ২০০ টাকার নিচে বিক্রি হচ্ছে। একদিন আগেও ছিল ২৪০ টাকা, এখন ১৮০ টাকায় তা বিক্রি হচ্ছে। এতে মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে ।
হিলি বাজারে কয়েকদিন আগেও কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে ৫০০ টাকায় উঠে গিয়েছিল। আরো বেশি দামে বিক্রি হয়েছিল দেশের অন্যান্য স্থানে। এখন দাম কমতে শুরু করেছে। দাম যেন এমন কম থাকে, সেই দাবি জানাচ্ছে ক্রেতারা।
এ বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে কাঁচা মরিচের গাছ ও ফুল নষ্ট হয়ে গেছে। ফলে ব্যাহত হয়েছে উৎপাদন । এতে বাজারে চাহিদার তুলনায় কাঁচা মরিচ সরবরাহ কমেছে। এর ফলে, মূল্য বেড়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সরকার দাম নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ফলে ভারত থেকে মরিচ আসা শুরু হয়েছে এবং বাজারে সরবরাহ বাড়ছে। যে কারণে চাপ কমছে দেশীয় কাঁচা মরিচের ওপর।
তিনি আরো বলেন, আমরা যেদিন কাঁচা মরিচ যে দামে কিনছি, সেই অনুযায়ী বিক্রি করছি। গত কিছুদিন ধরে দাম কমতির দিকে রয়েছে। বর্তমানে প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা দরে কিনে বিক্রি করছি ১৮০-২০০ টাকায়। তবে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করলে দাম আরো কমবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক বলেন, পণ্যের মূল্যবৃদ্ধি থামাতে করা হচ্ছে নিয়মিত বাজার মনিটরিং। কেউ যেন অহেতুক দাম বাড়াতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত রয়েছে। তারা কি দামে কিনছেন এবং কি দামে বিক্রি করছেন আমরা তা বিক্রেতাদের কাছ থেকে পণ্য ক্রয়-বিক্রয়ের মেমো দেখে নিশ্চিত হচ্ছি । এক্ষেত্রে অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেয়া হচ্ছে।