জর্ডানে কোরআন মুদ্রণের সর্বাধুনিক প্রতিষ্ঠানের যাত্রা
জর্ডানের সরকার পবিত্র কোরআন মুদ্রণ ও নকশার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে গত ১ মে দেশটির ওয়াকফ, ইসলাম ও পবিত্র স্থান বিষয়ক মন্ত্রণালয়ের প্রিন্টিং ডিরেক্টরেটের অধীনে হলি কোরআন বিভাগ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রী মুহাম্মদ আল-খলিলেহ।
আল-খলিলেহ মন্ত্রণালয়ের মহাসচিব ড. ইসমাইল আল-খতিবের উপস্থিতিতে প্রিন্টিং ডিরেক্টরেটের পরিচালক ও কর্মীদেরও কাজের উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানান।
আল-খলিলেহ জানান, মন্ত্রণালয় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের মুদ্রণ সুবিধা আধুনিকায়নের কাজ এগিয়ে নিচ্ছে, যাতে আন্তর্জাতিক মান বজায় রেখে পবিত্র কোরআন মুদ্রণ করা যায়। এর মাধ্যমে আল্লাহর কিতাবের সেবা ও প্রচার আরো জোরদার হবে।
তিনি আরো বলেন, মুদ্রণ প্রক্রিয়ার উন্নয়নের ফলে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উত্পাদনের মান বাড়বে, মুদ্রণের নির্ভুলতা নিশ্চিত হবে এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয় তাদের প্রিন্টিং প্রতিষ্ঠানকে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে গুণগত মান ও উত্কর্ষের একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে এই খাতে আরো উন্নয়ন হবে।
প্রিন্টিং ডিরেক্টরেটের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আল কুদুমি বলেন, তারা কোরআন মুদ্রণ ও নকশা তৈরির পাশাপাশি মন্ত্রণালয়ের বই, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মুদ্রণ কাজ সম্পাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি প্রিন্টিং বিভাগের কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন। বিভাগটি ১৯৭৩ সালে একটি অলাভজনক ওয়াকফ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল।