শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 12:41 দুপুর • 178 বার পঠিত
জম্মু ও কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

জম্মু ও কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার বুধবার এ সিদ্ধান্তের কথা জানায়।

গত বছরের আগস্টে এই আধাসামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়। সেসময় ওই এলাকার বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রশাসিত অঞ্চলটির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রের পক্ষ থেকে দেয়া নির্দেশে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর থেকে তাৎক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ওই আদেশ অনুসারে, ১০০টি কোম্পানির মধ্যে রয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং ২০ কোম্পানি কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমা বলের সেনা। জম্মু ও কাশ্মিরে যাওয়ার আগে ওই সেনারা যে যে জায়গায় মোতায়েন ছিলেন সেখানেই ফিরে যাবেন।

মে মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীর থেকে ১০ কোম্পানি সিএপিএফ প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, একটি সিএপিএফ কোম্পানিতে প্রায় এক শ’ জন সেনাকর্মী থাকেন।

তবে গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে ধীরে ধীরে নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হচ্ছে। সেখানকার পরিস্থিতির নিয়মিত মূল্যায়ন করে তবেই এগুলো করা হচ্ছে।