জলবায়ু প্রকল্পে ৩৭ কোটি টাকা আত্মসাৎ!
দেশ যেন অনিয়ম-দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। একের পর এক প্রকাশ্যে আসছে বড় বড় আর্থিক কেলেংকারির পরিসংখ্যান। এবার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ।
৬৮ কোটি টাকার সাতটি প্রকল্পে ৩৭ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে তারা। এসব প্রকল্পের প্রায় সব কটি রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে তিনটি প্রকল্পের অনুমোদনে সাবেক একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে প্রকল্পের ১০ শতাংশ অর্থ অগ্রিম ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। দুটি প্রকল্পের প্রস্তাব অর্থায়নকারী প্রতিষ্ঠান যথাযথ যাচাই না করেই অতিরিক্ত ব্যয় প্রাক্কলনসহ অনুমোদন দিয়েছে। দুটি প্রকল্পের সড়কবাতির ইউনিটপ্রতি মূল্যের পার্থক্য প্রায় এক লাখ এক হাজার টাকা। একটি প্রকল্পের মেয়াদ শেষের আগেই প্রায় অর্ধেক সড়কবাতি অকার্যকর হয়ে পড়ে।