জাতিসংঘ বৈঠকে রুশ ভাষণের সময় ব্রিটেন-ফ্রান্স-জার্মানির বয়কট
ব্রিটেনের জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থায় স্থায়ী প্রতিনিধি সাইমন ম্যানলি বলেছেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে। আমরা চাই, জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায়সংগত এবং দীর্ঘস্থায়ী শান্তি সেখানে প্রতিষ্ঠিত হোক। সমঝোতা বৈঠকে ইউক্রেনের উপস্থিত তাই বাধ্যতামূলক।
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন বছর পূর্তিতে আয়োজিত জাতিসংঘের বৈঠকে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা রুশ প্রতিনিধির ভাষণ শুরুর পরই বৈঠক কক্ষ ত্যাগ করেন। ফরাসি প্রতিনিধি জেরোমে বোন্নাফোন্ট বলেন, রাশিয়ার কর্মকাণ্ড উপেক্ষা করা হলে জাতিসংঘের মৌলিক নীতিগুলো প্রশ্নবিদ্ধ হবে।
বৈঠকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন ইউক্রেনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন এবং দাবি করেন, কিয়েভ রুশ ভীতি ছড়াচ্ছে। তিনি বলেন, দ্বিমুখী নীতি অনুসরণ করলে মানবাধিকার ও স্বাধীনতা রক্ষা সম্ভব নয়।
অন্যদিকে, ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ম্যারিয়ান বেতসা রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা হবে না। সমঝোতায় ইউরোপীয় ইউনিয়নের উপস্থিত থাকতে হবে। ইউক্রেন বিষয়ের আলোচনায় আমাদের মাঠের বাইরে রেখে যুক্তরাষ্ট্র আলোচনা চালাতে পারে না।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে, যা ইউক্রেন নীতিতে ট্রাম্প প্রশাসনের নমনীয় অবস্থান প্রতিফলিত করে বলে মনে করা হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের আসন ফাঁকা ছিল, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মানবাধিকার পরিষদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।