শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জাতীয় নির্বাচন ৩০ জুন ২০২৬-এর পরে নয়, আগেই হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2025, 11:26 রাত • 400 বার পঠিত
জাতীয় নির্বাচন ৩০ জুন ২০২৬-এর পরে নয়, আগেই হতে পারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন তার আগেও অনুষ্ঠিত হতে পারে।

রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “নির্বাচন ৩০ জুনের আগে যেকোনো সময় হতে পারে — ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিল বা মে মাসেও। তবে ৩০ জুন ২০২৬ তারিখের পরে নয়।”

সংবাদ সম্মেলনে উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে।

তিনি জানান, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে এ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “দ্বিতীয় দফার এই আলোচনা খুব শিগগির শেষ হবে বলে আমরা আশা করছি। আলোচনার সমাপ্তির পরেই ‘জুলাই চার্টার’–এর বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা দেওয়া সম্ভব হবে।”

এ আলোচনা দেশের রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন উপ-প্রেস সচিব।