জাপানের প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে
করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষা করাতে একটি হাসপাতালে গেলেন তিনি। সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়। যদিও স্বাস্থ্য পরীক্ষার কারণ এখনো স্পষ্ট নয়।
করোনার কারণে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা খাওয়ার খবর প্রকাশের পরই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি আরো উদ্বেগ বাড়ালো। অবশ্য দুশ্চিন্তা করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে সরকারি সূত্রে জানিয়েছে।
৬৫ বছর বয়সী আবে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এখনো তিনি সরকারের নেতৃত্বে। এর আগে আলসারেটিভ কোলাইটিসে ভোগার কারণে ২০০৭ সালে প্রথম মেয়াদের দায়িত্ব থেকে ইস্তফা দেন। চিকিৎসা করে এই অসুখ অনেকটাই কাটিয়ে উঠেছেন আবে। কিন্তু এ মাসে তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন তোলে কিছু জাপানি মিডিয়া।
সম্প্রতি নিয়মিত দায়িত্ব পালনে একটু ছাড় দিয়েছেন আবে এবং গত শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭৫ বছর পূর্তিতে শেষবার জনসম্মুখে দেখা যায় তাকে। জানা গেছে, আবে বিশ্রামে গেলে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ভারপ্রাপ্ত দায়িত্ব নেবেন।