জাপানের অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে
করোনাভাইরাসের প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে জাপানের অর্থনীতি। গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এশিয়ার সমৃদ্ধশালী দেশটির অর্থনীতি ৭ দশমিক ৮ ভাগ সংকুচিত হয়েছে যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ২৭ দশমিক ৮ শতাংশ কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক ধস। করোনা সংকট শুরুর আগেই নিম্নগামী ছিল জাপানের অর্থনীতি। তবে মহামারির প্রভাবে মন্দা দেখা দেয়ার আশঙ্কা বাড়ছিল। সাম্প্রতিক পরিস্থিতি সে আশঙ্কা আরো বাড়িয়েছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতি রেকর্ড সাত দশমিক আট ভাগ সংকুচিত হওয়ার প্রভাব শেয়ার বাজারেও পড়ছে। সোমবার নিকেলের সূচক শূন্য দশমিক ৮৩ ভাগ নেমে যায়। সূচক শূন্য দশমিক ৮৪ ভাগ নেমে যায় টপিক্সের।
এদিকে মোট দেশজ উৎপাদনও দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে খুব বেশি হারে কমেছে জাপানে। ওই তিন মাসে দেশজ উৎপাদন কমেছে ২৭ দশমিক আট শতাংশ। এছাড়া ভোক্তা ব্যয়ও ব্যাপক হারে কমেছে। এর প্রভাবও পড়ছে অর্থনীতিতে। জাপানের অর্থনীতি ভোক্তা ব্যয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল।
তবে গত মে মাসে জাপান জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়ার পর সম্প্রতি সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ব্যবসায় ও পরিবারের ব্যয় আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ রয়েছে।