শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জামায়াত নেতা আজহারুল ইসলামের পুনরায় আপিলের অনুমতি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2025, 03:55 দুপুর • 252 বার পঠিত
জামায়াত নেতা আজহারুল ইসলামের পুনরায় আপিলের অনুমতি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধ মামলার রিভিউ শুনানিতে তাকে পুনরায় আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এটি প্রথমবারের মতো এমন একটি মামলা যেখানে রিভিউর পর আবারও আপিল শুনানি হবে।

২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আজহারের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন।

এর আগে ২৩ জানুয়ারি আপিল বিভাগ শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করেছিল। বিচারপতিদের উপস্থিতি সংক্রান্ত কারণে পুনরায় শুনানি পেছানো হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে ১৯৭১ সালের যুদ্ধকালীন অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। এর মধ্যে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড, ৫ নম্বর অভিযোগে ২৫ বছর, ৬ নম্বর অভিযোগে ৫ বছর কারাদণ্ড হয়।

২০১৫ সালের ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে আপিল করা হলে ২০১৯ সালের ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে, তবে ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারের বিরুদ্ধে অভিযোগ ছিলো ৬টি —
১. মুক্তিযুদ্ধের সংগঠক এ ওয়াই মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণ, নির্যাতন ও হত্যা।
২. রংপুরের বদরগঞ্জে ১৫ জন নিরীহ বাঙালিকে হত্যা ও লুটপাট।
৩. বদরগঞ্জের ঝাড়ুয়ারবিল এলাকায় ১,২০০ নিরস্ত্র মানুষ হত্যা ও অগ্নিসংযোগ।
৪. কারমাইকেল কলেজের চার অধ্যাপক ও এক অধ্যাপকের স্ত্রীকে অপহরণ ও হত্যা।
৫. রংপুরে নারীদের ধর্ষণ, নির্যাতন ও গণহত্যায় সম্পৃক্ততা।
৬. গুপ্তপাড়ায় ও রংপুর কলেজ ছাত্রাবাসে নির্যাতন ও গুরুতর জখম করা।