জামায়াত কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, উক্ত বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় স্থান পায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। প্রতিনিধি দলটি জানায়, সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার এবং ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পায়। উভয় দেশ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।