শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জাকসু নির্বাচনে ২৭৩ জনের মনোনয়নপত্র জমা, ছাত্রী হলে প্রার্থী সংকট

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 আগস্ট 2025, 12:52 দুপুর • 233 বার পঠিত
জাকসু নির্বাচনে ২৭৩ জনের মনোনয়নপত্র জমা, ছাত্রী হলে প্রার্থী সংকট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি ২১টি আবাসিক হলে মোট ৩১৫টি পদের বিপরীতে ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ছাত্রীদের ১০টি হলে প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম, যার মধ্যে পাঁচটি হলে নির্ধারিত পদের সমান সংখ্যক প্রার্থীও পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় মনোনয়নপত্র জমাদানের সময়সীমা শেষ হয়। পরে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ২৫টি পদ এবং ২১টি আবাসিক হলে ৩১৫টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে।

ছাত্রী হলে প্রতিদ্বন্দ্বিতা কম

বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী হলে নির্ধারিত পদের তুলনায় প্রার্থী না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৬ জন, সুফিয়া কামাল হলে ১০ জন, বেগম খালেদা জিয়া হলে ১১ জন এবং প্রীতিলতা হলে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছাত্রী হলে প্রার্থী কম হওয়ার কারণ হিসেবে অনেকে পারিবারিক সম্মতির অভাব ও জুলাই আন্দোলনে সক্রিয় থাকা অনেক শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন হওয়াকে দায়ী করছেন।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, ছাত্রী হলে প্রার্থী সংখ্যা বাড়াতে রোববার অতিরিক্ত একটি দিন মনোনয়নপত্র জমার সুযোগ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।

ছাত্র হলে প্রতিদ্বন্দ্বিতা বেশি

ছাত্রীদের তুলনায় ছাত্র হলগুলোতে প্রার্থীর সংখ্যা বেশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ১৫টি পদের বিপরীতে ৬০ জন এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্য হলগুলোতেও প্রার্থীর সংখ্যা পদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্যানেল ঘোষণা শুরু

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ব্যানারে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদ জানিয়েছে, তাদের প্যানেলের নাম হবে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’। বামপন্থী সংগঠন ও সাংস্কৃতিক জোট থেকেও একাধিক প্যানেল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ছাত্রদল প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। সংগঠনের আহ্বায়ক জহির উদ্দিন বাবর জানিয়েছেন, রোববার তারা প্যানেল ঘোষণা করবে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।