ইউক্রেনে ৯৮৬১ রুশ সেনা নিহত হওয়ার খবর দেশটির মিডিয়ায়!
রাশিয়ারই একটি সংবাদমাধ্যম যখন খবরটি দেয় তখন তা বিশ্বাস করে ফেলার অনেক কারণ আছে। সোমবার কমসোমলস্কায়া প্রাভদা নামে রাশিয়ার একটি সরকারপন্থী সংবাদমাধ্যমেই খবরটা আসে। তারা জানায়, ইউক্রেনে রাশিয়ার ৯৮৬১ জন সৈন্য এখন পর্যন্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬,১৫৩ জন সৈন্য। খবরটি বিশ্বজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
কারণ, ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে অন্তত ১৫ হাজার রুশ সৈনিক নিহত হয়েছেন। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চের শুরুর দিকে তাদের ৪৯৮ জন সেনা নিহত ও ১৫০০ সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছিল। ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বলছিল, রাশিয়া যা স্বীকার করছে তার চেয়ে ২০-৩০ গুণ বেশি রুশ সেনা ইউক্রেনে প্রাণ হারিয়েছেন।
এই পরিস্থিতে খোদ রাশিয়ার সরকারপন্থী সংবাদমাধ্যমের ওই খবর চোখ আকাশে তুলবে তো বটে। বিষয়টা নিয়ে যখন জোর আলোচনা তখন সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইট থেকে খবরটা সরিয়ে নেয়। তাতে কি হবে? ততক্ষণে তো ওই খবরের স্ক্রিনশট চারদিকে ছড়িয়ে পড়েছে।
আসলে ঘটনা কি ঘটেছিল সেটা পরে ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি। তাদের দাবি, দুবৃত্তরা তাদের ওয়েবসাইট হ্যাক করে ফেলেছিল। তারপর ওই ভুয়া খবর তারা সাইটটিতে চালিয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবর, ইউক্রেনে রাশিয়ার ৩ থেকে ১০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। গেল সপ্তাহে নিউইয়র্ক টাইমস লিখেছে, ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দাদের মাধ্যমে এসেছে এই খবর।
এরকম অবস্থায় প্রশ্ন উঠেছে, আসলে ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছেন? রাশিয়ার দেওয়া সংখ্যাকে সন্দেহের চোখে দেখা উচিৎ বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তবে যুদ্ধে এরকম অবস্থায় আসলে কতো সৈন্য নিহত হয়েছে তা বাইরে থেকে জানা খুব কঠিন হয়ে যায়।