ইউক্রেন অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরী বিজ্ঞপ্তি
বাংলাদেশি নাগরিকদের ইউক্রেন থেকে নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) রাত ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।
সেখানে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রণালয় পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আটকে পড়া বাংলাদেশিদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠূ সমন্বয়ের জন্য এরই মধ্যে ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল দিয়ে শক্তিশালী করা হয়েছে। সব ধরনের কনস্যুলার সহায়তা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এরইমধ্যে ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ও ১১ টি বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইউক্রেন আক্রমণের শুরুতেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনে এক হাজার থেকে পনেরোশত বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে তাদের পোল্যান্ডে নেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এর আগে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।