শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউএনওর গাড়ির চাপায় সাংবাদিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2022, 04:59 দুপুর • 256 বার পঠিত
ইউএনওর গাড়ির চাপায় সাংবাদিক নিহত

নাটোরের সিংড়ার নিংগইনে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে নিংগইনের একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর সোহেল আহমেদ জীবনকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর একটার দিকে মারা যান তিনি। 

নিহত সোহেল সিংড়া পৌরসভার বালোয়া-বাসোয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়ার দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি এবং বন্দর স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বন্দর স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন সোহেল। পথে ইউএনওর গাড়ি তাকে চাপা দেয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে সোহেলের মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, দুর্ঘটনার সময় ইউএনও সুখময় সরকারের স্ত্রী সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মানসি দত্ত মৌমিতা গাড়িতে ছিলেন। 

ইউএনও সুখময় সরকার দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, তার স্ত্রী সকাল ৯টায় পাবলিক ট্রান্সপোর্টে (গণপরিবহন) কলেজে যান। তার দাবি, গাড়িচালক তাকে অফিসে পৌঁছে দিয়ে তেল নিতে সিংড়া যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে চালক ছাড়া কেউ ছিল না বলেও জানান তিনি।